আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য উদ্যোক্তা হতে আগ্রহীদের নিয়ে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় শিগগিরই এসএমই নীতিমালা অনুমোদন দেবে মন্ত্রিসভা। এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু চাকরি খুঁজে সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। বরং এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করা জরুরি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন।