আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন শেষ করে হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে এই চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।
রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া শেষ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
হজযাত্রীদের যেন শেষ মুহূর্তে কোনো ভোগান্তি বা নিবন্ধন বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে না হয়, সে লক্ষ্যেই এই সময়সীমা মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।