২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করাতে হবে।
রোববার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
যে সাতটি পরীক্ষা করাতে হবে: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের টিকা নেওয়ার আগে রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে (পি/এ ভিউ), ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে। পাশাপাশি এক্স-রে ও ইসিজির রিপোর্টও জমা দিতে হবে।
গুরুতর ও দুরারোগ্য রোগে অতিরিক্ত পরীক্ষা: দুরারোগ্য ও গুরুতর রোগের আশঙ্কা থাকলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করাতে হবে। এর মধ্যে হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি; কিডনির জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডার আলট্রাসনোগ্রাম (ইউএসজি অব কেইউবি) ও সিরাম ইউরিয়া এবং লিভারের অকার্যকারিতা সন্দেহ হলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করতে হবে।
এছাড়া দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থার জটিলতার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট ও গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করাতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টিকা গ্রহণ, স্বাস্থ্য সনদ ও হেল্পলাইন: বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে হজযাত্রীদের টিকা নিতে হবে; এরপরই দেওয়া হবে স্বাস্থ্য সনদ। এ বিষয়ে যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
