বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তাঁর পাঁচ দিনের অস্ট্রেলিয়া সফর ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করে ব্যাখ্যা দাবি করেছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল ছাড়াও দ্য অস্ট্রেলিয়ান এবং টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সফরে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন ডা. শফিকুর রহমান। ভিসা দেয়ার আগে যে কারও অতীত ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কীভাবে তাঁকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে জবাবদিহি দাবি করেছে সংগঠনগুলো।
এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন শফিকুর রহমানের সফরের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে।
অভিযোগ তোলা হয়েছে, হামাসের প্রয়াত প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর তাঁকে ‘বীর ও শহীদ’ আখ্যা দিয়ে প্রশংসা করেছিলেন শফিকুর রহমান; পাশাপাশি হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে শহীদের মর্যাদা কামনা করেছিলেন তিনি।
এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদের ‘শহীদ’ হিসেবে অভিহিত করার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংগঠন দুটি আরও জানায়, গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আয়োজিত এক মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আতিথ্য দেওয়া হয়, যেখানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে খবর রয়েছে। এ অবস্থায় কোনো সরকারি প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না, তা সরকারের কাছে জানতে চেয়েছে সংগঠন দুটি।
অস্ট্রেলিয়ার ইহুদি সমিতির সভাপতি রবার্ট গ্রেগরি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, সামাজিক সংহতি ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্যের কারণে সাবেক ইসরাইলি বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেয়া হয়েছিল এবং সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করা হয়েছিল; অথচ হামাস নেতাদের প্রশংসাকারী এক নেতাকে কীভাবে স্বাগত জানানো হচ্ছে, সে প্রশ্ন তোলেন তিনি।
অস্ট্রেলিয়ান হিন্দু সমিতির সভাপতি অমেন্দ্র সিং বলেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের ঘটনায় উগ্রপন্থীদের সমর্থনকারী বা নীরব দর্শকদের স্বাগত জানালে অস্ট্রেলীয়দের মধ্যে বিভাজন ও সামাজিক সংহতি ক্ষুণ্ন হতে পারে।
এদিকে সিডনির অভিবাসন পরামর্শক রেমন্ড সালোমন শফিকুর রহমানের ভিসা বাতিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। দ্য অস্ট্রেলিয়ানকে তিনি বলেন, শফিকুর রহমান অস্ট্রেলিয়ার চরিত্রগত যোগ্যতার শর্ত পূরণ করেন না এবং তাঁর উপস্থিতি সামাজিক সংহতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় লাকেম্বা ও ব্যাংকসটাউন থাকার প্রসঙ্গ টেনে তিনি স্বার্থের সংঘাতের অভিযোগও তোলেন। ডেইলি মেইল জানিয়েছে, এ বিষয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।