শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে শিক্ষার সুযোগ বাড়ানো এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করতে এ আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

দিনের শুরুতে অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে যৌথ সভাপতিত্ব করতে ওয়েলডন এপ ঢাকা সফরে আসেন।

সাক্ষাৎকালে শামা ওবায়েদ বৈধ ভ্রমণ ও শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ সহজ করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন বন্ধ এবং দক্ষ জনশক্তির অভিবাসন উৎসাহিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কানাডার অবদানেরও প্রশংসা করেন তিনি। কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের সেতুবন্ধ হিসেবে এ জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সৃজনশীল অর্থনীতির গুরুত্বের ওপর জোর দেন শামা ওবায়েদ। এ ক্ষেত্রে বিশেষ করে নারীদের অংশগ্রহণ ও অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি।

অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে শামা ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এবং দক্ষতা উন্নয়নের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

কানাডার দীর্ঘদিনের উন্নয়ন সহায়তার প্রশংসা করেন শামা। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর আরও তিন বছর বাংলাদেশি পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতিকেও স্বাগত জানান তিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় কানাডার ধারাবাহিক মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাটিতে দেশটির সমর্থনের জন্য ধন্যবাদ জানান শামা।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে কানাডার অব্যাহত সহযোগিতা চান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ১৯ নভেম্বর দেওয়া আইসিজের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের জন্য অব্যাহত মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।

একাত্তর/কেআই
পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার...
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই...
দেশের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হয়ে ওঠার পাশাপাশি নিজ দেশ, শেকড় এবং মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
শুধু গতানুগতিক পড়াশোনা নয়, বরং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে কারিগরি শিক্ষা, খেলাধুলা, বহুভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার...
পাসপোর্টে জন্মস্থান ভুল উল্লেখ থাকায় ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র ও সহ-আহ্বায়ক সৌরভ দাসকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এনডিটিভিকে...
দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করার পরও, ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা...
বিদেশি পিস্তল, গুলি, বিপুল দেশীয় অস্ত্র ও মাদকসহ রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় সক্রিয় কথিত ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। এর আগে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর