ডিসেম্বরকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রতিহত করতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।
একই সঙ্গে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং বাহিনীর ভেতরে থাকা সন্দেহভাজন সদস্যদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও নাশকতার শঙ্কা বিবেচনায় নিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীসহ সারাদেশে নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী জেলা, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং থানা ও পুলিশি অবকাঠামোর নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা এবং সম্ভাব্য সহিংসতার ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিসেম্বরজুড়ে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না এবং তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ বাহিনীর ভেতরে থাকা সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর। এরই অংশ হিসেবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং অন্য সন্দেহভাজনদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।