দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সব ধরনের ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে আইজিপি দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং মাদকমুক্ত সমাজ গঠনেও ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে আরও নৈপুণ্য প্রদর্শনের জন্য নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান।
অতিরিক্ত আইজিপি (গ্রেড-১, ফিন্যান্স) এবং বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ এন এম মারুফ আব্দুল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। চূড়ান্ত পর্বে জুডো ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ান্দোতে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) রানারআপ হয়েছে। এ ছাড়া উশুতে ডিএমপি চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম রেঞ্জ রানারআপ এবং কারাতে ইভেন্টে চট্টগ্রাম রেঞ্জ চ্যাম্পিয়ন ও সিএমপি রানারআপ হওয়ার কৃতিত্ব দেখায়। অনুষ্ঠান শেষে আইজিপি বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।