৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১৫ মার্চ ও ২১ মে ২০২৬ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে এক লাখ
পাঁচ হাজার ৯০০ টাকা বেতন স্কেলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এরপর চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ প্রশিক্ষণও সম্পন্ন করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযুক্ত বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং পিএসসির সঙ্গে পরামর্শ না করেই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে। বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর তাদের চাকরি স্থায়ী করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ ও প্রদান না করার অঙ্গীকারনামা জমা দিতে হবে। এছাড়া সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণীও দাখিল করতে হবে।
নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে তার নিয়োগ আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কারও সনদ পরবর্তী সময়ে যাচাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তার নিয়োগ বাতিলের পাশাপাশি ফৌজদারি মামলা করা হবে।
প্রজ্ঞাপনে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং সে ক্ষেত্রে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।