স্বপ্ন নিয়ে উত্তরা থেকে আগারগাঁও গেলো মেট্রোরেল

উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে গেলো স্বপ্নের মেট্রোরেল। দিয়াবাড়ী ডিপো এলাকা থেকে সকাল ৯টা ৩৯ মিনিটে মেট্রোরেল ছেড়ে যায় আগারগাঁওয়ের উদ্দেশ্যে। তবে এতে কোনো যাত্রী ছিল না।  এ উপলক্ষে মেট্রোরেলের মূল অনুষ্ঠান হবে আগারগাঁও স্টেশনে।

রোববার (১২ ডিসেম্বর) সকাল  পৌনে ১০টার দিকে এ রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান বলেন, আশা করছি বেলা ১১টায় আগারগাঁও স্টেশনে পৌঁছাবে মেট্রোরেলের কোচ।

উত্তরা থেকে আগারগাঁও অংশের দূরত্ব ১১ দশমিক ৫৮ কিলোমিটার। আগামী ২০২২ সালের ডিসেম্বরে এ অংশে বাণিজ্যিক চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)।


আরও পড়ুন: কোথায় ডা. মুরাদ, ধোঁয়াশা কাটেনি

মেট্রোরেলের প্রতি কোচে ৪৮ জন করে যাত্রী বসতে পারবেন। মাঝখানের চারটি কোচ হবে মোটরকার। এতে বসার ব্যবস্থা আছে ৫৪ জনের। সব মিলিয়ে একটি ট্রেনে বসে যেতে পারবেন ৩০৬ জন। প্রতিটি কোচ সাড়ে ৯ ফুট চওড়া। মাঝখানের প্রশস্ত জায়গায় যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করবে। দাঁড়ানো যাত্রীদের ধরার জন্য ওপরে হাতল এবং স্থানে স্থানে খুঁটি আছে। সব মিলিয়ে একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে একসঙ্গে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী চড়তে পারবেন।


একাত্তর/এসি