রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মো: জাবেদ মজুমদার (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় দারুস সালাম থানাধীন টেকনিক্যাল মোড়ের গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের চাচাতো ভাই নাজমুল হুদা জানান, এ দিন মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে গাবতলী এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পরে সেখান থেকে অবস্থার অবনতি হলে রাত টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মুন্নি আক্তার জানান, আমার স্বামী জাবেদ পলিথিন ব্যবসায়ী, তিনি বিভিন্ন জায়গাতে পলিথিন সাপ্লাই দিতেন। মোহাম্মদপুর নবীনগর হাউসিং এর ভাড়া বাসা থেকে বেলা এগারটার দিকে বের হন তিনি। রাত সাড়ে ৮ টায় খবর পাই উনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

আরও পড়ুন: করোনায় বিশ্বজুড়ে কমলো মৃত্যু-শনাক্ত

ঢামেক পুলিশ ক্যাম্পের সরকারি উপ-পরিদর্শক আব্দুল্লাহ খান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

মৃত জাবেদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শেখ আহমেদ মজুমদারের ছেলে। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি।


একাত্তর/আরবিএস