ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাত, ঢাকায় গ্রেপ্তার আট

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিচয়ধারী আট ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। 

রোববার (৩০ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী, মো. জাহাঙ্গীর আলম, মো. জমির খান, মো. মজিবর রহমান মজিদ ওরফে মোক্তার, মো. মাসুম গাজী, শফিকুল খরাদী, মো. কুদ্দুস আলী ও  মো. কাউছার মিয়া।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

তিনি জানান, অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে একটি বাটযুক্ত ব্যারেল কাটা দুনালা বন্দুক, একটি ওয়্যারলেস সেট, একটি হ্যান্ডকাফ, দুইটি ডিবি লেখা জ্যাকেট, দুইটি লোহার চাপাতি ও দুইটি লোহার ধারালো ছুরি উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কতিপয় লোক মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় তিন রাস্তার মোড়ে নূর বিরিয়ানী দোকানের সামনে একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার নিয়ে অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: প্রদীপ-লিয়াকতের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

তিনি আরও জানান, বিগত কয়েক মাসে এই ডাকাত দলটি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকা মহানগরের আশপাশের এলাকায় বেশ কয়েকটি ডাকাতি করেছে।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


একাত্তর/আরবিএস