নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য আগ্রহী যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম আহ্বান করেছে সার্চ কমিটি।
কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটিকে কোনো নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা সভাপতি আব্দুল আজিজ দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত রাজনৈতিক দল এবং ব্যক্তিগত পর্যায়ে আগ্রহীরা এসব পদে নাম প্রস্তাব করতে পারবেন।
এদিন মির্জা ফখরুল দাবি করেন, সার্চ কমিটিতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তিনি বলেন, সার্চ কমিটি লোক দেখানো, এতে কোনো নাম প্রস্তাব করবে না বিএনপি। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনও জনগণ হতে দেবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।
আরও পড়ুন: আজ থেকে বাড়ছে সয়াবিন তেলের দাম
তিনি যোগ করেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে। তাই সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশাও নেই বিএনপির।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানসহ নাটোর বিএনপি নেতারা।
একাত্তর/এসি