নির্দেশনা না মেনে মিরপুরে চলছে স্কুল ও কোচিং

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ছয় ফেব্রুয়ারির পর আরো দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লেও সেই নিয়ম না মেনে মিরপুরের পাড়ায় পাড়ায় চলছে স্কুল আর কোচিং। 

কোন কোন প্রতিষ্ঠানের দাবি, তারা অ্যাসাইনমেন্ট দিতে এবং জমা নিতে খোলা রেখেছেন। আবার কোন কোন প্রতিষ্ঠান বলছে অসহায় হয়ে তারা খোলা রেখেছেন। 

তবে করোনা পরিস্থিতি আমলে নিয়ে রাজধানীতে নজরদারি বাড়ানোর কথা বলছেন ঢাকা অঞ্চলের শিক্ষা কর্মকর্তা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরপুর এক নম্বরের অন্বেষা আইডিয়াল স্কুল। বাইরে থেকে বোঝার কোন উপায় নেই। অথচ ভেতরে চলছে ক্লাস।

সরকারি নির্দেশনা অনুযায় স্কুল বন্ধ হলেও সেখানে চলছে কোচিং সেন্টার। শিক্ষার্থী আর অভিভাবকরা বলছেন, ঘরে পড়ায় মন নেই তাই স্কুলের কোচিং সেন্টারে পাঠানো। আর কতৃপক্ষের বক্তব্য দেওয়ালে পিঠ ঠেকেছে তাই খুলেছেন প্রতিষ্ঠান।

কয়েক গজ দূরেই রেনেসাঁ আইডিয়ালে দরজায় তালা দিয়ে চলছে পাঠদান। একাত্তরের ক্যামেরা পৌঁছানোর পরেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয় প্রতিষ্ঠানটি। 

খোলা আছে একই এলাকায় মেট্রোপলিটন হাই স্কুলও। একটু দূরের আলফা বাংলা স্কুলে অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে বলা হলেও, আসলে নেয়া হচ্ছিল পরীক্ষা।

মীরপুর এক নম্বরে এমন স্কুল আর কোচিং চললেও খুব কাছের জেলা শিক্ষা অফিস কিছুই জানে না। ঢাকা অঞ্চলের পরিচালক মনোয়ার হোসেন বলেছেন, বিষয়টি আমলে নিচ্ছেন তারা। নিয়ম ভেঙে স্কুল বা কোচিং চালালে নেয়া হবে ব্যবস্থা।

গেলো ২১ জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফা, পরে ছয় ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় দফায় দুই সপ্তাহ ছুটি বাড়ায় সরকার।

একাত্তর/এআর