নারী সাংবাদিকের ভুয়া ভিডিও ছড়ানোয় দুইজন গ্রেপ্তার

একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক ও সংবাদ উপস্থাপক নাজনীন মুন্নীর নামে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে, দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি কুচক্রী মহল তাকে হেয় করতে ফটোশপের মাধ্যমে এই কাজ করেছে বলে শনিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে সঞ্জীব মিয়া ও নূর হোসেন। নরসিংদী ও চট্টগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে। তারা দুজনেই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সঞ্জীব তার ‘জনগণের মুখোমুখি’ ব্লগে এই ভিডিওটি আপলোড করে। সে ছাত্র অধিকার পরিষদের সক্রিয় সদস্য।

জিজ্ঞাসাবাদে সঞ্জীব জানায়, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি, সবুজবাগ থানার তারিকুল ইসলাম তন্ময় তাকে মেসেঞ্জারে ভিডিওটি দিয়ে প্রচারের নির্দেশ দিয়েছিল।

সঞ্জীব ফটোশপের মাধ্যমে ছবি এডিট করে ৩২ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: টিকা পেতে শুরু করেছে দোকান মালিক ও কর্মচারীরা

এছাড়া আরেক আসামি নূর হোসেন চট্টগ্রাম হালিশহর থানার যুবদলের সক্রিয় নেতা। নুর জানায়, বিএনপির এক নেতার নির্দেশেই সেই ভিডিওটি প্রচার করেছে সে।

আসামিদের রিমান্ডে নিয়ে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তাদের খুঁজে বের করা হবে বলে জানায় পুলিশ।

একাত্তর/আরএ