প্রভাবশালীদের দখলে থাকা জমির মালিক এখন ভূমিহীনরা

প্রভাবশালীদের দখলে থাকা জমির মালিক হচ্ছেন ভূমিহীনরা। গেলো দুই বছরে প্রভাবশালীদের দখলে থাকা সাড়ে পাঁচ হাজার একরেরও বেশি খাস জমি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা সেই সব জমিতেই ভূমিহীনদের জন্য বাড়ি করেছে সরকার। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে সেসব জমিতে তৈরি করা বাড়ি পাচ্ছেন অসহায় ভূমিহীন ও দুঃস্থরা। 

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রভাবশালী যেই হোক না কেন, খাস জমি দখল করলে সেটি উদ্ধারে কঠোর হবে সরকার। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। 

সাভারের শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি মৌজা। সেখানে এখন রঙিন টিনের আধাপাকা বাড়ি। যেনো রঙিন সাজে সেজেছে পুরো এলাকা। 

কিছুদিন আগেও এক একর ৪১ শতকের এই খাস জমিটি বিএনপি নেতা ফালুর দখলে ছিলো। পাশের ঢাকা সাংহাই সিরামিক কারখানার জন্য জায়গাটি তিনি দখলে রেখেছিলেন।

সেই জায়গা দখলমুক্ত করে দ্বিতীয় ধাপের ২৪টি এবং তৃতীয় ধাপের ৪০টি বাড়ি করে ভূমিহীনদের দিচ্ছে সরকার। 

সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানালেন, এই জমি উদ্ধারের সময় কারখানার শ্রমিক ও কর্মীদের নিয়ে বাধা দেয়া হয়েছিলো। কিন্তু সেটি ধোপে টেকেনি। 

একইভাবে সিরাজগঞ্জের খোকসাবাড়ির বিশাল খাস জমি স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিলো। জমির ফসলও ভোগ করতো তারা। সেই জমিতে এখন ২৬৬টি ভূমিহীন পরিবারের ঠিকানা। 

সারাদেশে এমন প্রায় সাড়ে পাঁচ হাজার একর খাস জমি উদ্ধার করেছে সরকার। আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, সামনে উদ্ধার হবে। 

আরও পড়ুন: মেডিক্যালে ভর্তির ফল প্রকাশ, পাশের হার ৫৫.১৩%

তিনি জানান, প্রভাবশালীদের দখলে থাকার খাস জমি উদ্ধার করেই আশ্রয়ণ প্রকল্পের বাড়ি তৈরি হবে। আর কোথায় জমি না পেলে সেখানে জমি কিনতে একটি তহবিলও গঠন হয়েছে।

প্রভাবশালীদের কবল থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের বাড়ি দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও নিশ্চিত করছে সরকার।