সিলেটে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমদকে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে দৈনিক আনন্দবাজারের বুধবারের (৬ জুলাই) ছাপা পত্রিকায় এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত খবর থেকে জানা যায়, গত ১ জুলাই ফয়সালকে গ্রেপ্তার করা হয় ও ৩ জুলাই কলকাতায় নেয়া হয়। ফয়সাল আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার খালপাড় তালবাড়ি গ্রামের বাসিন্দা।
এবছরের ৩০ মার্চ সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালে অনন্ত বিজয় হত্যা মামলার রায়ে ফয়সালসহ ৪ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। মৃত্যুদণ্ড পাওয়া চারজনের মধ্যে আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক ছিলেন। এরমধ্যে ফয়সাল ভারতে গ্রেপ্তার হলেন।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। হত্যাকাণ্ডের পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
একাত্তর/এআর