মাদকসেবনে বাধায় তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম

রাজধানীতে মাদকসেবনে বাধা দেওয়ায় তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যার দিকে রাজধানীর দারুস সালাম এলাকার খালেক পেট্রল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-  দারুসসালামে বাসিন্দা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থী  আরাফাত ইসমাইল আলিফ (১৮), মিরপুর পলিটেকনিকের তানভির খান হেমন্ত (১৯) ও বাংলা কলেজের আব্দুর রহমান রাহী (১৮)। তাদের মধ্যে আরাফাতের অবস্থা আশঙ্কাজনক। 

আহত তানভির খান বলেন, তার জন্মদিন উপলক্ষে কেক কেটে খাওয়ার পর সন্ধ্যার দিকে খালেক পেট্রল পাম্পের পাশে আড্ডা দিচ্ছিলেন। সে সময়ে পাশে অন্ধকারে বেশ কয়েক জনকে মাদক সেবন করতে দেখা যায়। এসময় আরাফাত তাদের মাদকসেবনে মানা করে। এতে এক পর্যায়ে সেবনকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে থাকে। এগিয়ে গেলে আমাদেরও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। 


পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে রাত পৌনে ১০টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। 

আরও পড়ুন: ব্রাজিল দলে নেই নেইমার, নতুন মুখের ছড়াছড়ি

তিনি আরও বলেন, হামলাকারীদের ৫/৭ জনের  মধ্যে দুই জনকে চিনতে পেরেছেন। তারা হচ্ছে, দারুসসালাম এলাকারই ভাড়াটিয়া বাসিন্দা আরাফাত রাব্বি ও হৃদয়। বাকিদের দেখলে চিনতে পারবেন বলেও জানান তানভির। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে । বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


একাত্তর/এসি