রামপুরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী নিহত

রাজধানীর হাতিরঝিলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

রোববার ভোর পৌনে চারটার দিকে রামপুরা ডি আই টি রোডের মুখে এ দুর্ঘটনাটি ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত পুলক গোমেজ (২১) মার্টিন লুথার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামের বাহরাইন প্রবাসী বিপিন গোমেজের ছেলে। এই দূর্ঘটনায় আহত জাহেদ হাসান (২১) তার বন্ধু।

মৃত পুলকের দুলাভাই রনি রোজারিও জানান, রাত বারোটার দিকে পুলকের বন্ধু জাহেদের মোটরসাইকেলে করে দুজন পুরান ঢাকায় বিরানি খেতে যান । সেখান থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, রামপুরা ডি আই টি রোড ওয়াবদা রোডের মুখে দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজন। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে পুলককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত জাহেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকটি শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন: পানি জমে থাকার কারণেই মাতুয়াইলে বাড়ছে ডেঙ্গু

নিহত পুলক নর্দা সরকার বাড়ি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।


একাত্তর/পিএজে/এসজে