রাজধানীতে দুই বাসের চাপায় চালকের সহকারীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় সুমন মিয়া (৩৬) নামে এক চালকের সহকারীর (হেলপার) মৃত্যু হয়েছে। তিনি ‘লাল-সবুজ’ পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন। 

রোববার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালে সুমনকে নিয়ে আসা সহকর্মী বাস চালক শামসুল হক বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালে আমাদের লাল সবুজ বাসটির চাকা মেরামতের কাজ চলছিল। সুমন বাসের চাকা খুলে ব্রেক অয়েল দিচ্ছিলেন, যে সময় পেছন থেকে ইকোনো পরিবহনের একটি বাস ব্যাক গিয়ার দিয়ে ঘুরানোর সময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। 

তিনি আরও বলেন, সুমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রবাসীর বাড়িতে চুরি, ডিম ভাজি করতে গিয়ে ধরা

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সুমন নোয়াখালী সদর উপজেলার মো: সায়েদ মিয়ার ছেলে। বর্তমানে মুগদা এলাকায় থাকতেন। তিনি এক পুত্র সন্তানের জনক ছিলেন।


একাত্তর/আরবিএস