তৃতীয়বারের মতো জাতীয় যুব কমিশন গঠন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। কমিশনের প্রথম সভায় তৃতীয় জাতীয় কমিশনের যুব সদস্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ার এবং ভাইস চেয়ার নির্বাচন করা হয়েছে।
রেড ক্রিসেন্টের তৃতীয় জাতীয় যুব কমিশনের প্রথম সভায় ১১ সদস্যের প্রত্যেকের প্রত্যক্ষ ভোটে চেয়ার এবং ভাইস চেয়ার নির্বাচন করা হয়। চেয়ার হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের যুব সদস্য মো. জাহিদুল ইসলাম এবং ভাইস চেয়ার নির্বাচিত হন খুলনা জেলা ইউনিটের যুব সদস্য মোস্তাকিম বিল্লাহ মুহিত।
জাতীয় কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- মাগুরা জেলা ইউনিটের মো. বরকত উল্লাহ, রাঙামাটি জেলা ইউনিটের মুমতাহেনা চৌধুরী, নোয়াখালী জেলা ইউনিটের ফারহানা হায়দার, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের জয় দত্ত, রংপুর জেলা ইউনিটের মো. রাব্বী ইসলাম, বগুরা জেলা ইউনিটের ধ্রুবসারথি গোস্বামী অর্ঘ্য, বরগুনা জেলা ইউনিটের মো. মুসা, সিলেট জেলা ইউনিটের পলাশ গুণ এবং নেত্রকোণা জেলা ইউনিটের মো. মনিরুল হাসান।
দেশের ৮ বিভাগের মধ্যে থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে ২ জন করে এবং রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট থেকে একজন করে মোট ১১ জন যুব সদস্যদেরকে নিয়ে তৃতীয়বারের মত জাতীয় এই যুব কমিশন গঠন করা হয়েছে। যুব কমিশন সদস্য হওয়ার জন্য সারাদেশ থেকে সর্বমোট ৪২ জন আবেদন করেন, যথাযথ প্রক্রিয়া শেষে ১১ জন উপনীত হন।
সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব, সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, মহাসচিব কাজী শফিকুল আজম, আইএফআরসি’র হেড অফ ডেলিগেশন সঞ্জীব কাফলেসহ সোসইটির বিভিন্ন বিভাগের পরিচালক, উপ-পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিশন গঠনের পর সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংস্থা, যার মূল চালিকাশক্তি হলো যুব স্বেচ্ছাসেবকরা।