রাজধানীর গুলিস্তানে ফোয়ারার পাশে ট্রাকের চাপায় রাজসুপার মার্কেটের রাজ হোটেলের দুইজন কর্মচারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টা থেকে আনুমানিক দুইটার দিকে গুলিস্তান ফোয়ারার পাশে বঙ্গবন্ধু স্কয়ার সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পল্টন থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন।
নিহতরা হলেন, জাকির( ৩০) পিতা নুরুল ইসলাম। বাসা হোল্ডিং নাম্বার- ১১, বঙ্গবন্ধু এভিনিউ পল্টন ও শাকিল (১৫), রাজ হোটেলের কর্মচারী, ঢাকা।
পুলিশ জানায়, রাজ হোটেলে দুই কর্মচারী জাকির এবং শাকিল ময়লা ডাস্টবিনে ফেলে আসার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এসময় ড্রাইভারসহ ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হয় পুলিশ। আটক ড্রাইভারকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে পল্টন থানার পুলিশ দুর্ঘটনার পর দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই পরীক্ষা-নিরীক্ষা করে রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: করোনায় কমলো মৃত্যু, সংক্রমণ এখনও ১২ হাজারের ওপরে
পল্টন থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দীর্ঘদিন যাবত হোটেলে পরিচ্ছন্নের কাজ করতো নিহত দুইজন।
একাত্তর/আরএ