‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের অডিটোরিয়ামে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাসান শাহরিয়ার কল্লোল ও সার্জিক্যাল অনকোলজিতে এমএস (ফেজ বি) রেসিডেন্ট ডা. উম্মে হুমায়রা কানেতা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিজ্ঞানে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের ছাত্রী জারিন তাসনিম বিপা। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন মো. সামিউল ইসলাম হিরণ, আইটি কনসালটেন্ট এবং আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)।
নারীদের প্রাথমিক স্তরে স্তন ক্যান্সার শনাক্তকরণে সক্ষমতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধি করে সমাজে এই রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা ছিলো সেমিনারের মূল লক্ষ্য।
সেমিনারে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক এম এম জাহিদুর রহমান বিপ্লব।
এই আয়োজন ও সেমিনারের সচেতনতা কার্যক্রম সফল করতে মিডিয়ার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। বিপ্লব বলেন, আমাদের এই উদ্যোগে একাত্তর টেলিভিশন, ইত্তেফাক, বাংলাদেশ পোস্ট ও ঢাকা মেইল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। ধারাবাহিক এই সেমিনারগুলোর মাধ্যমে আমরা আশা করি, তরুণ সমাজের মধ্যে সচেতনতার বীজ বপন করবে এবং একটি স্বাস্থ্য সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য সমাজে নারীদের স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে উৎসাহিত করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে শামসুন্নাহর হল ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্রেস্ট প্রদান করা হয়।