নগদের নতুন রেকর্ড: এক মাসে লেনদেন ৪০ হাজার কোটি টাকা

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ তাদের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন হয়েছে।

মোবাইল আর্থিক সেবার (এমএফএস) বাজারে যাত্রা শুরুর সাত বছরের মধ্যে এটিই নগদের সর্বোচ্চ মাসিক লেনদেন।

রোববার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। এতে বলা হয়, রেকর্ড গড়া এই লেনদেনের বড় অংশই এসেছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও প্রবাসী আয় (রেমিট্যান্স) থেকে।

লেনদেনে নতুন এই মাইলফলক অর্জন করায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। বলেন, নগদ তার গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করেছে এবং গ্রাহকবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে দিন দিন নগদের লেনদেন বাড়ছে।

তিনি জানান, বাংলাদেশ ডাক বিভাগের প্রতিষ্ঠান হিসেবে নগদ বর্তমানে আরও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিচ্ছে, যার ফলে নতুন গ্রাহক যুক্ত হওয়ার পাশাপাশি বিদ্যমান গ্রাহকেরাও লেনদেন বাড়িয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালেও নগদ লেনদেনে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছিল। ওই বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ৩৪ হাজার ৭০৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। এছাড়া ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা ২০২৪ সালের (৩ লাখ ৩০ হাজার কোটি টাকা) তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।