স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ক্যাম্পাস সুবিধা, ক্যাশলেস পেমেন্ট ও ডিজিটাল নথি ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গ্রিন রোডে ইউএপি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘ইউএপি ওয়ানকার্ড’ ব্যবস্থায় একটি ফিজিক্যাল স্মার্ট কার্ডের পাশাপাশি থাকছে চারটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম—ওয়ানআইডি অ্যাপ, ডিজিপে অ্যাপ, ডিজিপে মার্চেন্ট অ্যাপ এবং ওয়ানকার্ড ভল্ট।
এ প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষক-শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন সেগুলো হলো-
ওয়ানআইডি অ্যাপ: শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা।
ডিজিপে অ্যাপ ও মার্চেন্ট অ্যাপ: কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট এবং অ্যাকাউন্ট পরিচালনা।
ওয়ানকার্ড ভল্ট: সার্টিফিকেট, এনরোলমেন্ট লেটার, পরিচয়পত্র ও ট্রান্সক্রিপ্টের মতো প্রাতিষ্ঠানিক নথি নিরাপদে সংরক্ষণ ও যাচাইকরণ।
প্রাথমিক পর্যায়ে এ কার্ডের আওতায় শিক্ষার্থীদের উপস্থিতি, লাইব্রেরি, ক্যান্টিন, ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল সেবা চালু করা হয়েছে। পরবর্তীতে ক্যাম্পাসের অন্য সেবামূলক কার্যক্রমও এর আওতাভুক্ত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. ইসমাইল জাবিউল্লাহ। তিনি বলেন, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে ইউএপি ওয়ানকার্ড একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও বেশি দক্ষ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে।
ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি বড়ো মাইলফলক হিসেবে আখ্যা দেন।
অনুষ্ঠানের সভাপতি ও ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল একই প্ল্যাটফর্মে আসার ফলে ক্যাম্পাসের দৈনন্দিন কাজ আরও সহজ, গতিশীল ও কার্যকর হবে।
অনুষ্ঠানে একটি প্রযুক্তিগত প্রদর্শনী শেষে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন এবং ওয়ানকার্ডের কারিগরি দিকগুলো ব্যাখ্যা করেন। ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী আয়োজনে উপস্থিত ছিলেন।
