পুরান ঢাকার বাসিন্দাদের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের সুবিধার্থে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (৯ মার্চ) সকালে সিদ্দিক বাজার এলাকার আলাউদ্দিন রোডে নির্মিত এই কেন্দ্রটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।
উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পুরান ঢাকার বাসিন্দাদের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন ধরে একটি উপযুক্ত স্থানের অভাব ছিলো। নতুন এই আধুনিক ভবনটি সেই সীমাবদ্ধতা দূর করবে।
তিনি জানান, এটি কেবল একটি কমিউনিটি সেন্টার নয়; এখানে নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা, পাঠাগার এবং ব্যায়ামাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে বলেন, পুরান ঢাকার উন্নয়নে তার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। একইসঙ্গে তিনি এই সরকারি সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণে স্থানীয় বাসিন্দাদের যত্নবান হওয়ার আহবান জানান।
ডিএসসিসির নিজস্ব তত্ত্বাবধানে প্রায় ৩৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এই ছয়তলা ভবনটি নির্মিত হয়েছে। ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার প্রতি ফ্লোরে ৫৫০ জন করে মোট এক হাজার ৬৫০ জন অতিথি আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। নিচতলায় রাখা হয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের সুবিধা। পঞ্চম তলায় রয়েছে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পাঠাগার এবং ভবনের ষষ্ঠ তলায় স্থাপন করা হয়েছে একটি অত্যাধুনিক জিমনেসিয়াম।
অনুষ্ঠানে জানানো হয়, ডিএসসিসির অধীনে এমন আরও বেশ কিছু সামাজিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, ডিসিএনইউপি প্রকল্পের আওতায় ৯টি কেন্দ্রের নির্মাণকাজ প্রায় ৫২ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিলে ১৯টি কেন্দ্রের কাজ চলমান এবং আরও ৩০টি নতুন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।