ঢাবিতে অনুষ্ঠিত হলো ‘ভিওবি জব ফেয়ার ২০২৬’

দেশের অন্যতম শিক্ষার্থী-পরিচালিত ব্যবসায় সংগঠন ‘ভয়েস অব বিজনেস’ (ভিওবি) -এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ভিওবি জব ফেয়ার ২০২৬’। 

১৬ ও ১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ও সিটি ব্যাংকের সহ-পৃষ্ঠপোষকতায় এবং নিউজিল্যান্ড ডেইরির সহযোগিতায় আয়োজিত এ চাকরি মেলায় শিক্ষার্থী, সদ্য স্নাতক ও বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীসহ অন্যান্য অতিথি।

অনুষ্ঠানের শুরুতে ভয়েস অব বিজনেসের চিফ এডিটর ইশরাক ফারহান ভূঁইয়া অতিথি, উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠান ও ভালো ক্যারিয়ারের সুযোগের সঙ্গে যুক্ত করতে চাই।’

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম শিক্ষার্থীদের এ চাকরি মেলাকে নিজেদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অর্জনে শিক্ষার্থীদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। 

অন্যদিকে, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাড়তে থাকা ভূমিকা নিয়ে কথা বলেন। 

চীন ও মধ্যপ্রাচ্য বিশ্বে নতুন নতুন কাজের সুযোগ তৈরি করছে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের চীনা ও আরবি ভাষা শেখার পরামর্শ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের একটি সেলফ-সার্ভিস সেন্টার চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

আয়োজনের প্রথম দিনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের বুথ ঘুরে তাদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চাকরি ও নিয়োগের সুযোগ সম্পর্কে জানেন। 

আইডিএলসি ফাইন্যান্স, গ্রামীণফোন, বিএটি ও এক্স অ্যাঞ্জেল ভেঞ্চারের পেশাজীবীদের নিয়ে একটি এইচআর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সিভি তৈরি, লিংকডইনের ব্যবহার, সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব এবং চাকরির প্রস্তুতি নিয়ে পরামর্শ দেওয়া হয়। একই দিনে একটি মক ফোকাস গ্রুপ ডিসকাশন বা মক এফজিডি অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিয়োগপ্রক্রিয়ার এ ধাপ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা পান।

দ্বিতীয় দিনে পূবালী ব্যাংক পিএলসির একটি বিশেষ ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকটির ইতিহাস, চাকরির সুযোগ, নিয়োগপ্রক্রিয়া, প্রশিক্ষণ এবং ক্যারিয়ারে উন্নতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ব্যাংকের কর্মপরিবেশ, নিয়োগ এবং কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে প্রশ্ন করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালনায় মক ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের পছন্দের চাকরির ক্ষেত্র, পড়াশোনা, দক্ষতা ও কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়। এর মাধ্যমে তাঁরা বাস্তব চাকরির সাক্ষাৎকার সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন এবং নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পান।

ভয়েস অব বিজনেস ২০০৭ সালে শিক্ষার্থী-পরিচালিত ব্যবসায় সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এবং চাকরির জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সংগঠনটি বিভিন্ন সময়ে ম্যাগাজিন প্রকাশনা, প্রতিযোগিতা, কর্মশালা ও ক্যারিয়ারভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।