দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিনটি সনদ অর্জন করেছে। সনদগুলো হলো আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি)। ইন্টারটেক বাংলাদেশ থেকে পাওয়া এসব সনদ প্রতিষ্ঠানটির পশুখাদ্যের নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও উৎপাদনব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, ‘আন্তর্জাতিক সনদ অর্জন এককালীন সাফল্য নয়, বরং ধারাবাহিক উন্নয়নের যাত্রা। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বাড়ানোর পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মান অনুসরণে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে দেশের পশুখাদ্য শিল্পের মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, ‘শুধু বিক্রয় ও মুনাফা নয়, পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিই শিল্প খাতে নেতৃত্ব অর্জনের মূল ভিত্তি।’
উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সনদ অর্জনে ইন্টারটেক বাংলাদেশসহ সংশ্লিষ্ট দলগুলোর অবদানের প্রশংসা করেন।
আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, ‘দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নকে সমন্বিত করার বিষয়ে আকিজ রিসোর্স প্রতিশ্রুতিবদ্ধ।’
সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি, পরিবেশ, সামাজিক ও সুশাসন কার্যক্রমের মূল্যায়ন এবং আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক উৎকর্ষের অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরেন তিনি।
আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য ব্রয়লার, লেয়ার, সোনালি মুরগি, দুগ্ধজাত গবাদিপশু এবং তেলাপিয়াসহ বিভিন্ন ধরনের পশু ও মৎস্যখাদ্য উৎপাদন ও সরবরাহ করে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক এ তিনটি সনদ অর্জনের ফলে উৎপাদনব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হবে।