সব ষড়যন্ত্র প্রতিহত করেই এগিয়ে যেতে হবে: তাজুল

দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে, আর সেসব প্রতিহত করেই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর), রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা জানান।

সভায় সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয়, জিডিপির প্রবৃদ্ধি, বৈদেশিক রিজার্ভসহ বিভিন্ন অর্থনৈতিক সূচকে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে। 

তাজুল ইসলাম আরো বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র চলছে’। 

আরও পড়ুন: সংবিধান মেনে সময়মতোই হবে নির্বাচন: কাদের

দেশের মানুষকে ভিখারি করে রাখতে এসব ষড়যন্ত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সব অশুভ শক্তি মোকাবিলা করার মতো সাহস ও শক্তি আমাদের রয়েছে’।

পরে স্থানীয় সরকারমন্ত্রী বস্তিবাসীদের জন্য টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।


একাত্তর/আরএইচ