খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দৃশ্যমান কোনো মিছিল রাজপথে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একে বিএনপির ব্যর্থতা বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে অ্যাটকোর নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম জিয়ার সম্পর্কে প্রধানমন্ত্রীর বাইরে আমার বলার কিছু নেই। বিদেশ থেকে আরো ভালো চিকিৎসক আনার প্রয়োজন হলে আনা হবে। যেহেতু আইনগত প্রক্রিয়া আছে এর বাইরে কিছু করার নেই বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দেশে একটি মহল ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনগুলোতে হেরে গেছে। তাই তারা চোরাইপথে ক্ষমতায় যেতে চায়। এসময় বিএনপিকে দেশের সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য দল বলেও দাবি করেন মন্ত্রী।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ১৬ জানুয়ারি, সব কেন্দ্রে ইভিএম
তিনি আরও বলেন, এরা নিরাপদ সড়ক আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলনে মদদ দেয়। তারা যেকোনো ইস্যুতে আন্দোলনে নেমে দেশ অস্থির করছে। তারা এসব আন্দোলনের পেছন থেকে মদদ দিচ্ছে।
রাজধানীতে শিক্ষার্থীদের হাফ ভাড়া করা হয়েছে উল্লেখ করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখারও আহ্বান জনান ওবায়দুল কাদের।
এছাড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে মন্ত্রী বলেন, সারাবিশ্ব নতুন ভাইরাস নিয়ে আতঙ্কিত। এটি ভারতে এলে আমরাও আক্রান্ত হবো। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
একাত্তর/টিএ