রামপুরায় শিক্ষার্থী মৃত্যুতে বাসে আগুন দেওয়ার ঘটনা পূর্বপরিকল্পিত কি না সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১ ডিসেম্বর) এক ভার্চুয়াল সেমিনারে যুক্ত হয়ে এ প্রশ্ন রাখেন তিনি।
বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাটি ঘটার ১২ মিনিট পর ১০টা ৫৭ মিনিটে নিরাপদ সড়ক চাই ফেসবুক পেজের মাধ্যমে উক্ত স্থান থেকে লাইভ করা হয়। সঙ্গে সঙ্গে ১৭টি বাসে আগুন দেওয়া হয় এবং অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়।
রাত ১১টায় জামায়াত পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে খবরটি প্রকাশিত হয় এবং দুর্ঘটনার স্থান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ছাত্রদের গায়ে কালিমা লেপন করছে একটি মহল: তথ্যমন্ত্রী
ঘটনা পরম্পরায় যে চিত্র দাঁড়াচ্ছে তাতে এটি নিছক দুর্ঘটনা না কি পূর্বপরিকল্পিত তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
এছাড়া রাতের বেলা এতগুলো মানুষ ঘটনাস্থলে কীভাবে এলো সে প্রশ্নও তোলেন তিনি।
প্রতিটি দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরাই কেন সে প্রশ্ন তুলে একে মোটেও দুর্ঘটনা বলে মেনে নিতে রাজী নন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একইসাথে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।
একাত্তর/টিএ