জিয়া পরিবারের নারী সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদ ও মন্ত্রিসভা থেকে অপসারণ ও প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করার দাবিও জানায় কমিটি।
সোমবার (৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় নেয়া এই সিদ্ধান্ত মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়ে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্য বিশেষ করে নারী সদস্যদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের চরম অশালীন, অরুচিকর ও সকল রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার বিবর্জিত সম্মানহানিকর কুৎসিত বক্তব্যের তীব্র সমালোচনা, নিন্দা ও প্রতিবাদ করা হয়।
আরও পড়ুন: ডা. মুরাদকাণ্ড: দেশে ফিরেই যা করতে চাইলেন মাহি
সভা মনে করে, রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থেকে এই ধরনের নারী বিদ্বেষী, বর্ণবাদী, সমাজ বিরোধী বক্তব্য ও সংবিধান বিরোধী এই বক্তব্যের মাধ্যমে সমগ্র নারী সমাজ এবং মানবতাকে হেয় করা হয়েছে।
তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
একাত্তর/টিএ