নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণঅনশনে বিএনপি

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

শনিবার (২ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত। ইতোমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সিনিয়র নেতারা কর্মসূচিতে যোগ দিয়েছেন।

গণঅনশনের উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার ব্যর্থ হয়েছে। তাদের সিন্ডিকেটের কারণে নিত্য পণ্যের দাম আকাশচুম্বী।

এই সরকার এক ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে এমন মন্তব্য করে তিনি বলেন, তাদেরকে পরাজিত করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে।

সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করে তিনি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহবান জানান। 

এসময় বিএনপি নেতারা আরও বলেন, নিত্যপণ্যের লাগামহীন দামে দেশের মানুষ ভালো নেই। চাল, ডাল, তেল, পেঁয়াজসহ সব ধরনের পণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন বক্তারা। 

সিন্ডিকেটের দুর্নীতির কারণে মানুষকে টিসিবির গাড়ির পেছনে ছুটতে হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

অনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী।


একাত্তর/এসজে