কারসাজির নির্বাচনে বিএনপিকে নিতে বিদেশীদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না, বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও নিরপেক্ষ প্রশাসন ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি।
উল্লেখ্য, ২০২৩ সালের নির্বাচনে বিএনপি যাতে অংশ নেয় সে বিষয়ে উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়েছেন দেশটি সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। তার প্রমাণ ২০১৪ এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন।
তিনি বলেন, মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবে সেই পরিস্থিতি আর নেই। এই সত্য এখন বহির্বিশ্বের কাছও পরিষ্কার। তাই সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান না করে বিদেশীদের কাছে ধরনা দিয়ে লাভ নেই, বলেন বিএনপি মহাসচিব।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশে পাচার করা টাকায় অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার ষড়যন্ত্র করছে সরকার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় দুনীর্তি ছাড়া কিছুই হয়নি।
একাত্তর/জো