এবার ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তির: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা অতীতের যে কোন সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে।

তিনি বলেন, জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে।

সোমবার (২ মে) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে বিরোধী দলের উদ্দেশে একথা বলেন। ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি’ বলে বিরোধী দল থেকে যে অভিযোগ করা হয়েছে তার জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে এবার, অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

এসময় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে খেলাধুলার সামগ্রী নিয়ে হাজির পিএসজি

একইসাথে ফিরতি পথের যাত্রাও নিরাপদ করার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে পরিবহন পরিচালনার জন্য মালিক শ্রমিক নেতৃবৃন্দসহ সকলকে আহবান জানান।


একাত্তর/আরএ