বিএনপি নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আবারও আদালতের কাছে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত বলছে শুধু দেশে থেকেই খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন। তাই তিনি যদি আরো কিছু চান, তাহলে আদালতে জানাতে হবে। আদালত সেক্ষেত্রে সিদ্ধান্ত দেবে।
তিনি জানান, খালেদা জিয়া মামলায় দণ্ডিত। আত্মীয়স্বজনের আবেদনে দেশে থেকে তিনি সর্বোচ্চ চিকিৎসাসেবা নিতে যেন কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা করে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোর্ট ছাড়া আমাদের এই রাস্তাটি খোলা নেই। এখন কোর্ট স্বাধীন। কোর্ট তার নিজস্ব মতামত দিয়েছেন। নতুন কোনো মত দিলে তাকে আবার কোর্টে যেতে হবে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আরও পড়ুন: খালেদা জিয়ার কিছু হলে দায়দায়িত্ব সরকারের: বিএনপি
এছাড়া পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতোই পালন করছে। মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। পুলিশের ওপর আক্রমণ দুঃখজনক।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে বলেই দেশে নিরাপত্তা রয়েছে এবং দেশের উন্নয়ন দুর্বার গতিতে হচ্ছে।
একাত্তর/এসি