বিএনপিকে ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে এ তথ্য জানান ডিএমপির ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ।
এদিন বেলা ১১টায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত হয়, জমায়েত ছোট হলেও ঢাকার প্রাণকেন্দ্রের যেকোনো স্থানে গণসমাবেশ করবে তারা।
শুক্রবার সকালে গণসমাবেশের সম্ভাব্য স্থান হিসেবে গোলাপবাগ মাঠের পরামর্শ দেন ডিবি প্রধান।
তিনি সাংবাদিকদের বলেন, গোলাপবাগ মাঠ সমাবেশ করার উপযোগী। বিএনপি চাইলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মাঠে সমাবেশ করার অনুমতি দেয়া হবে।
গোলাপবাগ মাঠে সমাবেশ করার বিষয়ে ডিএমপিকে লিখিতভাবে অবহিত করতে বিএনপির একজন নেতাকে আহ্বান জানায় ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে চিঠি নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরে লিখিতভাবে গোলাপবাগ মাঠে গণসমাবেশের অনুমতির জন্য চিঠি দেওয়া হয়।
আরও পড়ুন: ফখরুল-আব্বাসকে পল্টনে সংষর্ষের মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ
পরে শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির বিষয়টি তাদের জানিয়েছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রায় তিন মাস আগে বিএনপি ১০ বিভাগীয় শহরে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করে। ঢাকায় গণসমাবেশ করতে বিএনপি নয়াপল্টনের জন্য অনুমতি চেয়ে গত ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর ডিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন করে।
একাত্তর/এসজে