জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিএনপির সাতজন সংসদ সদস্য।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
সংসদে বিএনপির সাতজন এমপি রয়েছেন, যাদের মধ্যে একজন সংরক্ষিত নারী আসনের এমপি।
পদত্যাগকারী সাত সংসদ সদস্য হলেন- বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।
এর আগে, গত ৩০ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, সমাবেশস্থল কোথায় হবে তা নিয়ে নানা টানাপোড়েনের পর শুক্রবার (৯ ডিসেম্বর) বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ আয়োজনের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ শুরু হয়।
আরও পড়ুন: সমাবেশ ঘিরে কোনো আতঙ্ক নেই : ডিবিপ্রধান
উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। তবে বিএনপির সংসদ সদস্যের শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েন দেখা দেয়। বগুড়া–৬ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ছাড়া বাকি পাঁচজনই শপথ নেন।
নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় ফখরুলের আসনটি শূন্য ঘোষণা করে আবার নির্বাচন হয়। আর তাতে জয়ী হন বিএনপির প্রার্থী জিএম সিরাজ।
একাত্তর/এসজে