বিএনপির চলমান আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষকে যুক্ত হবার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারের আয়ু আর বেশি দিন নাই।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
এসময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়ে রাজপথে নেমেছে। তারা বলছেন- এ নব্য স্বৈরাচার ক্ষমতায় টিকতে পারবে না।
তিনি বলেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের গণসমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্বরোচিত ক্র্যাকডাউন চালিয়েছে।
ঢাকায় বিএনপির সমাবেশকে ‘জনসমুদ্র’ দাবি করে তিনি বলেন, আমাদের ৯ জনের বেশি কর্মী প্রাণ হারিয়েছেন। তবুও বিভাগীয় ও ঢাকার গণসমাবেশ পণ্ড করতে পারেনি।
খন্দকার মোশাররফ বলেন, আমরা জনগণের পক্ষে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ দশ দফা দাবি ঘোষণা করেছি। ইনশাআল্লাহ ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল হবে।
আরও পড়ুন: জঙ্গি ও সন্ত্রাসের মামলা দ্রুত শেষে প্রধানমন্ত্রীর তাগাদা
মানববন্ধনে সভাপতত্ব করেন ড্যাবের সভাপতি হারুন আল রশিদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ড্যাবের কেন্দ্রীয় নেতা এমএ সেলিম, সিরাজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, জহিরুল ইসলাম শাকিল, ভারপ্রাপ্ত মহাসচিব মেহেদী হাসান প্রমুখ।
মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক মো. ফখরুজ্জামান ফখরুল।
একাত্তর/এসি