আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন আর সহকর্মীরা।
এসময় তারা বলেছেন, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সবসময় স্মরণীয় হয়ে থাকবেন সৈয়দ আশরাফ। আওয়ামী লীগ যার কাছে ছিলো একটি অনুভূতির নাম। যিনি দেশ ও দলের জন্য কাজ করেছেন নির্মোহভাবে।
একাত্তরে পাকাবাহিনীর বিরুদ্ধে সশ্রস্ত্র যুদ্ধে অংশ নেন সৈয়দ আশরাফ। এরপর স্বাধীন বাংলাদেশে সক্রিয় থেকেছেন রাজনীতিতে। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। ২০০৯ সালে নির্বাচিত হন দলের সাধারণ সম্পাদক। ২০১২ সালেও আওয়ামী লীগ ভরসা রাখে তার ওপর।
থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মৃত্যু হয় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফের।
আরও পড়ুন: কিশোরগঞ্জে শ্রদ্ধাভরে সৈয়দ আশরাফকে স্মরণ
সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, সল্পভাষী ও পরিচ্ছন্ন এই রাজনীতিবিদ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সৈয়দ আশরাফ লোভ লালসার ঊর্ধ্বে থেকে আজীবন দেশের জন্য কাজ করেছেন।
একজন বলিষ্ঠ নেতা ও নির্লোভ মানুষ হিসেবে দেশের মানুষ সৈয়দ আশরাফের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে বলেও জানান তিনি।
একাত্তর/এসি