বিএনপির হাঁকডাক অশ্বডিম্বের মতো: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাঁকডাক অশ্বডিম্বের মতো। ১১ জানুয়ারি বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে স্বাগত জানায় সরকার। তবে আন্দোলনের নামে সহিংস আচরণ করলে, জনগণের জানমাল রক্ষায় সমুচিত জবাব দেয়া হবে।

তিনি বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০ তম সম্মেলনে এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ উন্নয়নে অর্জনে বদলে গেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সড়ক পরিবহণ আইনের বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর রাষ্ট্রকে ভাবায়। নানা অজুহাতে বিদেশ যায়। কেউ কেউ কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে। এদের আমরা ঘৃণা করি।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মঈনুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইসহাক, সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী প্রমুখ।


একাত্তর/আরএ