সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবি আদায়ে ঢাকায় আবারও দুইদিন পদযাত্রা করবে বিএনপি।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে গোপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা হবে।
অন্যদিকে ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে শ্যামলী ক্লাব মাঠ থেকে রিংরোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা হবে বলে জানান তিনি।
এসময় মির্জা ফখরুল বলেন, সরকার প্রথম থেকেই উস্কানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে।
বিএনপির ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেয়ার পর এখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগকে ইউনিয়ন পর্যায়ের পাল্টা কর্মসূচি প্রত্যাহারে আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকার চেষ্টা করছে দেশকে অনিশ্চয়তার দিকে নিতে চাইছে, বিএনপি নয় আওয়ামী লীগ উদ্দেশ্য সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়। সরকার ভীতসন্ত্রস্ত হয়ে তাদের ক্ষমতা ধরে রাখতে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে।
বিএনপির আন্দোলন কর্মসূচি নস্যাৎ করার জন্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে উল্লেখ করে তিনি অবিলম্বে আটকদের মুক্তি দাবি করেন।
ফকরুল বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে বাধ্য করা হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। প্রতিটি রাজনৈতিক দল চাইছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
আরও পড়ুন: শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে
তিনি আরও বলেন, আরও কয়েকটি নির্বাচন কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যায় তার উদ্যোগ নিতে হবে।
ফকরুল যোগ করেন, আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। শান্তিপূর্ণভাবে ১০ দফা দাবি মেনে নেবে।
বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, তবে জনগন যখন চাইবে তখন হরতাল অবরোধ সব হবে বলেও জানান তিনি।
সভায় ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় হতাহতে দুঃখ প্রকাশ করা হয়। দুই দেশের সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা ও সমবেদনা প্রকাশ করা হয় বিএনপির পক্ষ থেকে।
একাত্তর/আরবিএস