যুগপৎ আন্দোলনে গণফোরাম, পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক

সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের কৌশল খুঁজতে গণফোরাম ও পিপলস পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। 

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার দুপুরে লিয়াজোঁ কমিটির এ বৈঠক হয়। 

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রমজান শেষ এখন যুগপৎ আন্দোলনকে আরও জোরদার করতে আলোচনা হয়েছে। আগামী দিনের কর্মসূচি ও আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে।’

সরকারের পতনের পর নিরপেক্ষ নির্দলীয় সরকারের বিষয়ে তারা একমত হয়েছেন বলে জানান খসরু। 

তিনি আরও বলেন, দেশে-বিদেশে গণতন্ত্রকামী মানুষ আন্দোলনের সফলতার দিকে তাকিয়ে আছে। সে জন্য আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বিজয় অর্জন না হওয়া আন্দোলন চলবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। সবাই চাই, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। এজন্য সরকারকে পদত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী দিনের আন্দোলন বেগবান করতে ঐক্যমত্য হয়েছে। বিজয় সুনিশ্চিত। সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে: আইনমন্ত্রী

বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রনো। 

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও উপস্থিত ছিলেন। 


একাত্তর/আরবি