প্রধানমন্ত্রীর বিদেশ সফরের অর্জন শূন্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সফর নিয়ে সরকার মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (৩ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিঁয়াজো কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আইএমএফ একটি স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা শুধু বৈঠকের কথা বলেছে। ওয়ার্ল্ড ব্যাংক আগেই জানিয়েছে তারা ঋণ দেবে। সুতরাং, এই সফরের অ্যাচিভমেন্ট ইজ জিরো।
এই সফর সফল হয়নি উল্লেখ করে ফখরুল বলেন, মানুষকে বারবার বোকা বানানো যায় না। এবার তারা ব্যর্থ হয়েছে। সরকারের সঙ্গে বিএনপি কোনো আলোচনায় যাবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে, জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, আজকে অর্থনীতিতে সম্পূর্ণ ব্যর্থতা, দুর্নীতির কারণে জনগণের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। দ্রব্যমূল্য, নিরাপত্তার অভাব, শান্তি-শৃঙ্খলার যে পরিস্থিতি, যে লুটপাট এবং একইসঙ্গে ব্যাংকগুলোকে পুরোপুরি খালি করে দেওয়া, দেশের অর্থ পাচার করে বিদেশে তাদের সম্পদ গড়ে তোলা শিক্ষা-স্বাস্থ্য খাত, সবখানে চরম নৈরাজ্য চলছে।
আরও পড়ুন: স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, আমাদের ন্যূনতম অধিকার—ভোট দেওয়া, কথা বলার অধিকার, যা আমরা ১৯৭১ সালের যুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছিলাম সেটা সম্পূর্ণ হরণ করে নেওয়া হয়েছে। একটা মাত্র উদ্দেশ্য একদলীয় শাসন ব্যবস্থা তারা আবারও প্রতিষ্ঠা করতে চায়, যা তারা করতে চেয়েছিল ১৯৭৫ সালে।
একাত্তর/এসি