শান্তিপূর্ণ ভোটে হারার ভয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ আর অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী সংসদ নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে। বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। নিজেরা ব্যর্থ হয়ে তারা এখন বিদেশি শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে। নানামুখী অপপ্রচার চলছে।
তিনি বলেন, ‘এখন পরিষ্কারভাবে যেটা দেখতে পাচ্ছি যে, তারা (বিএনপি) আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে লবিস্ট নিয়োগ করেছে। সর্বশেষ আমরা যে খবর পেয়েছি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে অপপ্রচারের সঙ্গে তাদের অপপ্রচার একাকার হয়ে গেছে।’
শুধু নির্বাচনই নয়, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনকেও বিএনপি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘আজকে দেশে দেশে শান্তিরক্ষায় নিয়োজিত এই যে পিস কিপিং মিশন। এই মিশনকেও তারা প্রশ্নবিদ্ধ করার অপপ্রচার চালাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে কাজে লাগাচ্ছে।’
আমাদেরকে লড়াই করতে হবে- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের স্পষ্ট জানিয়ে দেন, সংকট উত্তরণের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন।
সভায় দেশব্যাপী শান্তি সমাবেশ চালিয়ে যাওয়ার পাশাপাশি আগামী ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঠিক করা হয়।
একাত্তর/আরবি