বিএনপি নেতারা রাজনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড গুলিয়ে ফেলছেন- এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দলটির নেতারা সন্ত্রাসী কর্মকাণ্ডে বেছে নিয়েছেন।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপির নেতাদের দুর্বলতা হচ্ছে তারা সন্ত্রাসী আর রাজনৈতিক কর্মী গুলিয়ে ফেলেছে। তারা নিজেরা রাজনীতির নামে সন্ত্রাস করেন বিধায় সন্ত্রাসী কর্মকাণ্ড আর রাজনৈতিক কার্যক্রমের মধ্যে পার্থক্য করেন না। কিন্তু এ দুই কর্মসূচির মধ্যে পার্থক্য আছে। বিএনপির কর্মসূচি হচ্ছে সন্ত্রাসমুখোর কর্মসূচি।’
সরকার কারো উপর জুলুম করছেনা- এ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, সাড়ে ১৪ বছরে জাতির অনেক অর্জন আছে, এটি মির্জা ফখরুল স্বীকার করেছেন। সরকার কারও ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে না।
‘যারা আগুন সন্ত্রাস চালিয়েছে, পুলিশের ওপর হামলা করেছে এবং এখনও করছে, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের নেতৃত্বে রাস্তায় গাড়ি ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
আইপিটিভির নামে সংবাদ প্রচারের কথা বলে চাঁদাবাজি চলছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সম্প্রচার নীতিমালায় আইপিটিভি বা ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা যায় না। তারা এ কাজটি করে। অনেকের পক্ষে সংবাদ প্রকাশ করার জন্য চাঁদা নেয়, বিপক্ষে সংবাদ করার হুমকি দিয়ে চাঁদা নেয়। এ কাজগুলো সারাদেশে বিভিন্ন জায়গায় ঘটছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে অভিযান চালানোর জন্য।
হাছান মাহমুদ বলেন, যাদের বৈধ লাইসেন্স নেই, যারা চাঁদাবাজি ও অন্যান্য অপকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা বিভিন্ন জেলা-উপজেলায় সাংবাদিক নিয়োগ দেওয়ার জন্য উল্টো টাকা নেয়। এবং মাসে মাসে তাদের কর্তৃপক্ষের কাছে টাকা পাঠাতে হয়। এ অবৈধ কাজ বন্ধ হওয়া প্রয়োজন, সে কারণে আমরা উদ্যোগ নিয়েছে।
নির্বাচন কবে হবে- এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কবে হবে তা কমিশন ঠিক করবে। কমিশন আমাদের ডাকলে আমরা যাবো।
এবারের বাজেটও বাস্তবায়ন হবে জানিয়ে তিনি আরও বলেন, বিশ্ব মন্দা পরিস্থিতিতে বাজেট প্রণয়ন করাই চ্যালেঞ্জ। সেই বাস্তবতায় এই বাজেট।এবারের বাজেটও বাস্তবায়ন হবে।
একাত্তর/আরবি