বিএনপির নেতা-কর্মীরা আবারও বিদেশে পলাতক ও দণ্ডিত তারেক রহমানের নির্দেশে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।
সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
স্ট্যাটাসে জয় বলেন, ‘তারেক জিয়ার নির্দেশে আবারও ২০১৩, ২০১৪, ২০১৫ সালের মতোই সন্ত্রাসী কাজে নিয়োজিত হলো বিএনপির নেতা-কর্মীরা।’
তিনি বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপির সশস্ত্র নেতা-কর্মীরা যেভাবে সরকারী যানবাহন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছিল, ঠিক তেমনিভাবে বিএনপি-জামায়াত চক্র আবারও সহিংসতা শুরু করেছে।’
জয় বলেন, ঢাকা মহানগরীর প্রধান প্রবেশ পথগুলোতে বিএনপির শনিবারের অবস্থান কর্মসূচি সংঘাত ও সহিংসতায় রূপ নেয়, যাতে অসংখ্য মানুষ ও পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন।
আরও পড়ুন: উত্তরবঙ্গকে ঘিরে স্বপ্নের গল্প শোনাবেন প্রধানমন্ত্রী: কাদের
জয় তার পোস্টে বাংলা ও ইংরেজি ভাষায় বিএনপির নেতা-কর্মীদের ২০১৩-২০১৪ ও ২০২৩ সালে চালানো আগুন সন্ত্রাসের ওপর ভিত্তি করে ‘বিএনপির আগুন সন্ত্রাসের একাল সেকাল’ শীর্ষক একটি ভিডিও আপলোড করেন।
একাত্তর/জো