লুটপাটকে জায়েজ করতে সরকার বড় বড় প্রকল্পের মাধ্যমে উন্নয়ন দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, উন্নয়নের নামে লুটপাট করায় দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে।
গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘আজকেও একটা উদ্বোধন করছে। এগুলো হলো স্বৈরাচারের আরেকটা বৈশিষ্ট্য। সে লুটপাট করবে আর উন্নয়ন দেখাতে গিয়ে তারা দুই থেকে চার-পাঁচটা বড় বড় জিনিস এ রকম করবে। আর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করার জন্য বড় প্রজেক্ট করা হচ্ছে।’
শনিবার দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের (কাওলা-ফার্মগেট) অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় ২০১১ সালে। প্রথমে এর খরচ ধরা হয়েছিলো ৮ হাজার ৭০৩ কোটি টাকা। মাঝের এই বছরগুলোতে কয়েক দফা বেড়ে, এখন হয়েছে ১৩ হাজার ৮৫৭ কোটি টাকা।
আমীর খসরু বলেন, দুর্নীতির মাধ্যমে অর্থপাচার করে ঋণের বোঝা বাড়িয়ে জনগণকে বিপদে ফেলছে সরকার। কিন্তু মানুষের ভাগ্যের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয় না, শেখ হাসিনার নেতৃত্বে একতরফা নির্বাচন হতে দেবে না বিএনপি।
তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে? এত সহজ নয়। কীসের নির্বাচন? কার নির্বাচন? যে ভোটাধিকারের জন্য মানুষ সংগ্রাম করছে তা পুনরুদ্ধার না করা পর্যন্ত এ দেশে কোনও নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।
উন্নয়নের নামে দেশের অর্থনৈতিক কাঠামো এই সরকার সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে অভিযোগ করে আমীর খসরু বলেন, ব্যাংকগুলোতে কোনো টাকা নেই। লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। বড় বড় প্রকল্পের টাকা লুটপাট করে বাইরে নিয়ে গেছে। আর উন্নয়নের কথা বলছেন, এক লাখ কোটি টাকার ওপরে টাকা ছাপাচ্ছে তারা। ব্যাংকের টাকা শেষ, রিজার্ভ শেষ আর সরকারের তহবিলেও টাকা নেই।
আয়োজক সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।