রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়ান আরাফির প্রকৃত নাম মিয়া জাহিদুল ইসলাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন । মাঝে মাঝে বাংলাদেশে আসেন বেল্লাল।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়া গ্রামে তার বাড়ি। ছোটবেলাতেই পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় এলাকার কারো সাথেই ছিল না তেমন যোগাযোগ।
গেল শনিবার যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপির কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামে এক ব্যক্তি। একপর্যায়ে তাকে নিয়ে সন্দেহ সৃষ্টি হয়।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, তাদের কোন প্রতিনিধি দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায়নি। কথিত মিয়ান আরাফি নামে তাদের কোন কর্মকর্তা ঢাকায় নেই। খবর মিথ্যা বলেও দাবি করে মার্কিন দূতাবাস। এমনকি বিএনপি এক বিবৃতিতে জানান, কথিত মিয়ান আরাফির বক্তব্যের দায় তারা নিবে না।
পরে খোঁজ-খবর নিয়ে জানা গেলো, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরাফির বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়া গ্রামে।
তবে চাকরিসূত্রে বাবা পাবনায় থাকায় সেখানেই তার জন্ম। আরাফির প্রকৃত নাম বেল্লাল, ছোট বেলাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় তার পরিবারের সবাই।
গত জুলাই মাসে বাড়িতে এসে মসজিদ-মাদ্রাসায় টাকা দান করলেও স্থানীয়দের সাথে তার খুব একটা যোগাযোগ ছিলো না বলে জানিয়েছেন সেখানকার অধিবাসীরা।
তারা বলেন, আরাফির বাবা মৃত রওশন মন্ডল ছিলেন পাবনা জেলার শিক্ষা কর্মকর্তা। তারা ১০ ভাই-বোন। ৪০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছেন। তারা খুব একটা এলাকায় আসেন না। এলাকার লোকজনের সাথে তাদের তেমন যোগাযোগও নেই।
বেল্লালের স্বজনরা জানান, আমেরিকা চলে যাবার কারনে তাদের সাথে যোগাযোগ নেই। এলাকায় কালে ভদ্রে দেখা গেলেও তেমন একটা যোগাযোগ কারো সাথে হয় না।
তারা ছয় ভাই চার বোন সবাই আমেরিকায় বিভিন্ন শহরে থাকেন। প্রায় ৪০ বছর আগে তার বাবা আমেরিকায় গিয়ে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়েছেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, মিয়া আরাফি কয়েক মাস আগে গ্রামের বাড়িতে এলেও রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন না। তবে বিএনপির সাবেক এমপি আকবর আলীর ঘনিষ্ঠ ছিলেন তিনি।
তিনি আরও জানান, বেল্লাল সেখানে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত। তবে তিনি এলাকায় আসলে নিজেকে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন।
উল্লাপাড়ায় তার কোন বাড়ি নেই। তার দাদা-দাদীর জন্য দোয়া মাহফিল করতে গত জুলাই মাসে এসেছিলেন। তিনি উল্লাপাড়া ডাকবাংলোয় ছিলেন। এখানে কোন সামাজিক কাজেও তিনি জড়িত নন।
উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলীর সাথে তার বাবা মৃত রওশন মন্ডলের সম্পর্ক ছিল। সেই সূত্রে তার সাথেও আকবর আলীর সম্পর্ক আছে। বেল্লাল বিএনপি সমর্থক হলেও সরাসরি রাজনীতিতে জড়িত নয়। এ বিষয়ে জানতে আকবর আলীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সাড়া দেননি।
এদিকে আরাফির জন্মস্থান পাবনা হলেও কারো সাথে খুব একটা মিশতেন না । সেখানে আরাফিদের বাড়ি দেখাশোনা করেন একজন কেয়ারটেকার । তবে তিনিও বেশি কিছু জানেন না ।
পাবনার জেলা শিক্ষা কর্মকর্তা রওশন আলীর ৫ ছেলে ৩ মেয়ের মধ্যে আরাফি তৃতীয়। ১৯৭৫ সালে পাবনা জেলা স্কুল থেকে এসএসসি ও ১৯৭৭ সালে নাটোরের আব্দুলপুর কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে তিনি বাংলাদেশের কারাগারে বন্দি আছে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়া মিয়ান আরাফিকে মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাসভঙ্গের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২৯ অক্টোবর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাহিদুল ইসলাম আরেফীকে আটক করা হয়।