ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, ২৮ তারিখ প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, নির্মমভাবে পিটিয়ে পুলিশ সদস্যকে হত্যা, সাংবাদিকদের ওপর হামলা এবং বাইডেনের উপদেষ্টা পরিচয়ে সংবাদ সম্মেলন এই সব কিছুরই আন্তঃসংযোগ রয়েছে।
মঙ্গলবার কাশিমপুর কারাগারে জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরিফিকে (মিঞা জাহিদুল ইসলাম আরেফিন) জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবি প্রধান।
হারুন অর রশিদ জানান, সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীর কাছ থেকে ফোন নাম্বার সংগ্রহ করে ২৮ তারিখ সংবাদ সম্মেলনের আগে বিভিন্ন দিন, বিভিন্ন সময় মিয়ান আরাফি মির্জা ফখরুল, মির্জা আব্বাস, শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টুসহ একাধিক বিএনপি নেতার সাথে কথা বলেছেন।
তিনি আরও জানান, মিয়ান আরাফির যাতায়াত ছিলো আব্দুল্লাহ আল মিন্টুর বাসভবনে।
বাইডেনের কথিত উপদেষ্টা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, সাবেক সেনা কর্মকর্তা সারওয়ার্দী তাকে এসব কাজে প্ররোচিত করেছেন। সারওয়ার্দী তাকে এমন আশ্বাস দিয়েছেন যে, ভবিষ্যতে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে তিনি নিজেও ভালো অবস্থানে যাবেন এবং আরাফিও লাভবান হবেন।
ডিবি প্রধান জানান, এ কাজটি যে আরাফির করা ঠিক হয়নি তিনি এখন তা বুঝতে পারছেন। তিনি তার ভুল স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, সাবেক সেবা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে কিছু বিষয় পরিষ্কার হতে পারছিলেন না তারা, সে বিষয়গুলো পরিষ্কার করতেই কাশিমপুর কারাগারে এসে আরাফিকে জিজ্ঞাসাবাদ করেছেন তারা।
জিজ্ঞাসাবাদে মিয়ান আরিফি স্বীকার করেছেন যে, তার সাথে কখনোই বাইডেনের সাক্ষাৎ হয়নি। তবে ২০২১ সালে করোনার সময় মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেনের সাথে একটি জুম মিটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি।
এর আগে গেলো ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে দিনব্যাপী সংঘর্ষের পর মার্কিন দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপি কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ‘জো বাইডেনের উপদেষ্টা’ পরিচয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি। একপর্যায়ে তাকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।
এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, মিয়ান আরাফি নামে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি বাংলাদেশ নেই। দূতাবাসের একজন মুখপাত্র বলেন, মার্কিন দূতাবাসের কোনো তৎপরতার বিষয়টি গুজব এবং সম্পূর্ণ মিথ্যা।
পরে ২৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।