২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে। তারা আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ পিটিয়ে মেরেছে। তাদের পেছনে সাধারণ মানুষ নেই।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিখী বলেন, নির্বাচনে কোনো দল আসুক, না আসুক সেটা বিষয় নয়। সাধারণ মানুষকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ করে দিতে হবে। বিএনপি বলে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অংশ নেবে না। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আমাদের দেশে সে অবস্থা নেই। লন্ডনে থাকে তারেক। যে সন্তান দেশে এসে মায়ের সেবা করতে পারে না, তিনি কীভাবে দেশের সাধারণ মানুষের সেবা করবেন।

তিনি আরও বলেন, যে দেশে মা-বোনের ইজ্জত রক্ষা হয় না, যে দেশে সাধারণ মানুষের উপর জুলুম করা হয়; আমি এমন দেশ চাই না। এমন দেশের জন্য যুদ্ধ করেনি।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, কালিহাতী থেকে চলে গেছিলাম ২০১৮ সালে।  তখন যে অপমান হয়েছিলাম সেই অপমান  অন্য কেও করার সাহস পেতো না। জিয়াউর রহমানের ছাত্রদল, একাত্তরের রাজাকাররাও আমাকে অপমান করতে সাহস পেতো না, যে অপমান এই কালিহাতীতে হয়েছি। এবার এসেছি সেই অপমানকে জয় করে জবাব দিতে।

কালিহাতী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। জনসভায় প্রায় কয়েক হাজার মানুষের ঢল নামে।